স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রজ্ঞা-আত্মা’র
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র –এর একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল–এর সঙ্গে সাক্ষাৎ করেছে। এসময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ পাসের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মন্ত্রীর হাতে ধন্যবাদপত্র তুলে দেয় সংগঠন দুটি।
রোববার (২৪ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তামাক নিয়ন্ত্রণে সরকারের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই সব ধরনের তামাকপণ্যের ওপর দাম ও শুল্ক বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রজ্ঞা ও আত্মা’র প্রতিনিধিরা বলেন, সংশোধিত আইনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান (ডিএসএ) বাতিল, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ এবং ডিজিটাল মাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন বন্ধের মতো পদক্ষেপ জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে বৈঠকে ই-সিগারেট, ভেপিং, নিকোটিন পাউচ ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্য নিষিদ্ধের বিধান আইন থেকে বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিনিধিরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব পণ্যের সহজলভ্যতা তরুণদের মধ্যে নতুন ধরনের নিকোটিন আসক্তি ছড়িয়ে দিতে পারে।
প্রতিনিধি দল জানায়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়। তাই কার্যকর আইন বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট ও নতুন প্রজন্মের তামাকপণ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তারা মত দেন।
একইসঙ্গে আসন্ন জাতীয় বাজেটে সব ধরনের তামাকপণ্যের কর ও দাম কার্যকরভাবে বাড়িয়ে তরুণদের ক্রয়ক্ষমতার বাইরে নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, সদস্য মো. শফিকুল ইসলাম ও আলতাফ হোসেন এবং প্রজ্ঞা’র পরিচালক মো. মনোয়ার হোসেন।
সবার দেশ/কেএম




























