বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে অবস্থান করছে খ্রিষ্টান সম্প্রদায়। তবে আগামী এক দশকের মধ্যেই এ চিত্রে পরিবর্তন আসতে পারে। জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন মুসলমানরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এমন পূর্বাভাস দেয়া হয়েছে।
গবেষণা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। আর ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৬০ কোটির বেশি হতে পারে। বিপরীতে, খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।
সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশে ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ৫০ বছরে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।
এতে মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেন না—এমন সাতটি জনগোষ্ঠীকে বিবেচনায় নেয়া হয়েছে।
গবেষণার পূর্বাভাস তৈরিতে বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম পরিবর্তন এবং অভিবাসনের মতো পাঁচটি বিষয় বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর বয়সভিত্তিক জনসংখ্যা ও সন্তান জন্মদানের হারের পার্থক্যকে গুরুত্ব দেয়া হয়েছে।
বিশ্বে মুসলিম জনসংখ্যা কত বাড়বে
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে। এ সময় মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৩৬০ কোটিতে।
গবেষকদের মতে, মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম বয়সী জনসংখ্যা এবং উচ্চ জন্মহার এ বৃদ্ধির প্রধান কারণ। অর্থাৎ নতুন প্রজন্মের সংখ্যা বেশি হওয়া এবং স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে মুসলমানের সংখ্যা দ্রুত বাড়তে পারে।
দেশভিত্তিক হিসাবেও বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। গবেষণা অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসতে পারে পাকিস্তান।
এ সময় পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। মুসলিম জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত। তৃতীয় অবস্থানে উঠে আসতে পারে নাইজেরিয়া। এরপর থাকবে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
অর্থাৎ ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে থাকবে পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
২০২০ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ছিলো ৫৩টি। গবেষণার পূর্বাভাস বলছে, ২০৭০ সালের মধ্যে আইভরি কোস্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় যুক্ত হলে এ সংখ্যা বেড়ে ৫৪টিতে দাঁড়াতে পারে।
এসব দেশের মধ্যে মাত্র আটটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশগুলো হলো পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান ও তুরস্ক।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়বে মুসলিমদের সংখ্যা
আগামী পাঁচ দশকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার।
গবেষণা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে এ অঞ্চলে মুসলমানের সংখ্যা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারে। ২০৭০ সালে এ অঞ্চলের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মুসলমান হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ১৮০ কোটিতে পৌঁছাতে পারে।
২০২০ সালে এ অঞ্চলের মোট জনসংখ্যার ২৬ শতাংশ ছিলেন মুসলমান। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটিই এ অঞ্চলে অবস্থিত। দেশগুলো হলো পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
অন্যদিকে, ইউরোপ ও উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অভিবাসনের বড় ভূমিকা থাকতে পারে। গবেষণায় বলা হয়েছে, এসব অঞ্চলে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির তুলনায় অভিবাসনের কারণে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে।
বিশেষ করে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়তে পারে। এ ক্ষেত্রে অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের মুসলিম জনসংখ্যা ৯২ শতাংশ হতে পারে
বাংলাদেশ ও ভারত—দুই দেশেই আগামী পাঁচ দশকে মুসলিম জনসংখ্যা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। তবে দেশ দুটিতে ধর্মীয় জনগোষ্ঠীর অনুপাতের পরিবর্তনে ভিন্নতা দেখা যেতে পারে।
গবেষণা অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিলো ১৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে মুসলিম ছিলেন ৯১ দশমিক ১ শতাংশ। ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে পৌঁছাতে পারে। একই সময়ে মোট জনসংখ্যায় মুসলমানের অংশ বেড়ে ৯২ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার ৭ দশমিক ৯ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এ হার কমে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে।
তবে জনসংখ্যার অনুপাত কমলেও দেশে হিন্দু জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়তে পারে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিলো প্রায় ১ কোটি ৩১ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে।
অর্থাৎ আগামী পাঁচ দশকে বাংলাদেশের মোট জনসংখ্যায় মুসলিম ও হিন্দু—উভয় জনগোষ্ঠীর সংখ্যাই বাড়তে পারে। তবে মোট জনসংখ্যার অনুপাতে তাদের অবস্থানে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
ভারতে বাড়বে মুসলিম জনসংখ্যা, কমবে হিন্দুদের অনুপাত
ভারতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিলো প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে।
একই সময়ে ভারতের হিন্দু জনসংখ্যাও বাড়বে। তবে মোট জনসংখ্যার তুলনায় তাদের অনুপাত কমে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৪ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। বিপরীতে হিন্দুদের অংশ কমতে পারে ৩ দশমিক ৬ শতাংশ।
তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু জনগোষ্ঠীর মানুষ থাকবেন বলে ধারণা করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিলো ১০০ কোটির বেশি। আগামী ৫০ বছরে এ সংখ্যা আরও প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। তবে একই সময়ে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়ার কারণে ভারতের মোট জনসংখ্যায় হিন্দুদের আনুপাতিক হার কমে যেতে পারে।
খ্রিষ্টানদের জনসংখ্যায় কী পরিবর্তন আসবে
২০২০ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী ছিল খ্রিষ্টান সম্প্রদায়। সে সময় বিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ছিলেন প্রায় ২৩০ কোটি মানুষ।
তবে বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে মোট জনসংখ্যার অনুপাতে খ্রিষ্টানদের অংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার।
গবেষণা অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে মোট জনসংখ্যার অনুপাতে খ্রিষ্টানদের হার উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বিপরীতে মাত্র চারটি দেশে এ হার দশমিক ৫ শতাংশ বা তার বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।
যদিও ২০৭০ সাল নাগাদ খ্রিষ্টানদের মোট জনসংখ্যা বাড়তে পারে, তবে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির তুলনায় তাদের বৃদ্ধির হার কম হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মোট অনুসারীর সংখ্যা বাড়লেও বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তাদের অবস্থান হারাতে পারেন খ্রিষ্টানরা।
খ্রিষ্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও বড় পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। বর্তমানে ইউরোপ ও আমেরিকায় খ্রিষ্টানদের বড় জনগোষ্ঠী বসবাস করলেও আগামী কয়েক দশকে আফ্রিকা বিশ্বের খ্রিষ্টান জনসংখ্যার প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, ইউরোপীয়দের মধ্যে খ্রিষ্টানদের হার প্রায় ১৫ শতাংশ কমতে পারে। এ পরিবর্তনের পেছনে ধর্মীয় পরিচয় পরিবর্তন, জন্মহার এবং বয়সকাঠামোর মতো বিষয়গুলো ভূমিকা রাখবে।
সব মিলিয়ে পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, আগামী পাঁচ দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। মুসলিম জনগোষ্ঠীর তরুণ বয়সকাঠামো ও উচ্চ জন্মহার তাদের সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে, খ্রিষ্টান জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যায় তাদের আনুপাতিক অবস্থান কমতে পারে।
সূত্র: বিবিসি বাংলা।
সবার দেশ/কেএম




























