এনাফ ইজ এনাফ, খুনিদের আর ছাড় নয়: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের; রংপুর বিভাগে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের অধিকার কেড়ে নেয়া, গুম-খুনের রাজনীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আর কোনো সুযোগ দেয়া হবে না। খুনি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে পরিষ্কার জবাব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে তারেক রহমান বলেন, তারা যে দেশে পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভুদের দেশ। সে প্রভুদের খুশি করতে আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তারা। জনগণের অধিকার কেড়ে নেয়ার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা অতীতে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদের সে রাজনীতি করার সুযোগ জনগণ আর দেবে না।
ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
২০২৪ সালের আন্দোলনের মতো আবারও সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস, হত্যার রাজনীতি এবং তাবেদারি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারেক রহমান বলেন,
খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে, আর না)।
দেশের মানুষ আর কোনোভাবেই গুম-খুন ও অধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।
জনগণের জন্য কাজ করতে গেলেই ষড়যন্ত্র
সরকার যখন সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের উন্নয়নে কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যারা এখন ষড়যন্ত্রে লিপ্ত, সে সন্ত্রাসী মহল অতীতে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। এ সময়ে মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিলো।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ডামি নির্বাচন দেখতে চায় না। জনগণ চায় তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং রাষ্ট্র পরিচালনায় তাদের মতামতের প্রতিফলন ঘটুক।
রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেয়ার ঘোষণা
বক্তব্যে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হবে। এর ফলে এ অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর মতে, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে শিল্পায়ন, জ্বালানি সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস সংযোগ সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনার লক্ষ্য রয়েছে সরকারের।
সবার দেশ/এমকেজে




























