Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা

৬ হাজার টাকা জরিমানা; প্রধানমন্ত্রীর বহর পাশ দিয়ে যাওয়ার সময়ই ঘটলো ঘটনা

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। একই ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনকে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।

পুলিশ জানায়, পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের নির্ধারিত দিকের বিপরীতে অর্থাৎ উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিলো। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

ট্রাফিক বিভাগের ওই কর্মকর্তা জানান, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগরীর ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর ব্যবহৃত সরকারি গাড়ি। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন।

ঘটনার সময় সার্কিট হাউজ সড়কের পাশের একটি সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিলো বলে জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা।

ফলে একই সময়ে একদিকে প্রধানমন্ত্রীর বহর ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলছিলো, অন্যদিকে একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি উল্টো পথে চলার ঘটনায় পুলিশের হাতে আটক হয়—যা বিষয়টিকে আরও আলোচিত করে তুলেছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দাবি, কোনও মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা করার ঘটনা বাংলাদেশে এ প্রথম।

তাদের ভাষ্য, অতীতে যানজট এড়াতে কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে। তবে এসব ঘটনায় ট্রাফিক আইনে মামলা করার নজির খুব একটা দেখা যায়নি।

এ কারণে বর্তমান ঘটনাটিকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন ট্রাফিক কর্মকর্তারা।

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে পুলিশের মামলা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ির ক্ষেত্রে ট্রাফিক আইন কতটা সমানভাবে প্রয়োগ করা হবে—তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন। যানজট থাকলেও প্রধানমন্ত্রীর বহর ট্রাফিক সিগন্যাল মেনে চলার চেষ্টা করছে।

তার মতে, এমন পরিস্থিতিতে কোনও মন্ত্রী, সচিব কিংবা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তার গাড়ি উল্টো পথে চলার ঘটনা শীর্ষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

ওই কর্মকর্তা বলেন, আইন সবার জন্য সমান—এ নীতির বাস্তব প্রয়োগের ক্ষেত্রে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়া একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ হয়ে থাকতে পারে।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ
মন্ত্রী বললেন—‘হারপিক নিয়ে আসেন, আমি পরিষ্কার করে দিই’
‘বেনজীর কোথায়?’—অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি
গুমের বিরুদ্ধে আইন, নাকি আস্থার বিরুদ্ধে আপস?
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো সংসদ
১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ
৫ মাস পর সংসদে মির্জা আব্বাস
এনআইডি নয়, জন্মেই ‘এক-আইডি’
উল্টো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা
বন্যায় বন্ধ নেপালের বিদ্যুৎ রফতানি, সংকটে বাংলাদেশ
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত