রুয়েটের বাসে অনিরাপদ প্রধানমন্ত্রী
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করা এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য রুয়েটের বাস ব্যবহারের বিষয়টি নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়। পোস্টে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজের বুলেটপ্রুফ বাস ব্যবহার না করে রুয়েটের বাস নেয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। এর সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিও যুক্ত করা হয়।
পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়,
ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।
মন্তব্যটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়।
রাজশাহী মহানগর বিএনপির নেতারা মন্তব্যটির উদ্দেশ্য ও প্রেক্ষাপট তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এমন মন্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে মন্তব্যটির সঙ্গে বাস্তব কোনও হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা প্রয়োজন। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মহানগর বিএনপির সহসভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এমন মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, মন্তব্যটি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা খতিয়ে দেখা দরকার।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
সবার দেশ/কেএম




























