ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট, উদ্ধৃতি মার্টিন লুথার কিংয়ের
সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ক্ষমতাবিষয়ক একটি উদ্ধৃতি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। পোস্টটির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নুসরাত খান মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতিটি তুলে ধরেন। সেখানে লেখা হয়েছে,
Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.
উদ্ধৃতিটির বাংলা অর্থ হলো, ক্ষমতাকে সঠিকভাবে বুঝলে দেখা যায়, এটি মূলত কোনও লক্ষ্য অর্জনের সামর্থ্য ছাড়া আর কিছুই নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা হলো সে শক্তি।
উদ্ধৃতিটির সঙ্গে ইশরাক হোসেনের ছবি যুক্ত করায় সোশ্যাল মিডিয়ায় পোস্টটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্টটির মাধ্যমে তিনি নির্দিষ্ট কোনও রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন কি না, সে বিষয়ে নুসরাত খানের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর আগে সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে তার অংশগ্রহণের দৃশ্য প্রকাশের পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়।
এরই মধ্যে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরদিন সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।
ইশরাক হোসেনের পদত্যাগ এবং তার স্ত্রীর এ ফেসবুক পোস্ট—দুটি ঘটনাই রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতিটি দিয়ে নুসরাত খান ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা তার বক্তব্য ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সবার দেশ/এফও




























