জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয়: রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ আন্দোলন ও বিপ্লব কোনও দিক থেকেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। তার ভাষ্য, যেমন ফরাসি বিপ্লব মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতীক, তেমনি জুলাই বিপ্লবও গণতন্ত্র, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই।
রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর ইতিহাসের প্রতিটি বড় বিপ্লবই রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তবে জুলাই বিপ্লবে মাত্র এক মাসে যে পরিমাণ প্রাণহানি ও রক্তপাত ঘটেছে, তা বৈশ্বিক ইতিহাসেও বিরল। তার দাবি, দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত অসংখ্য তরুণ প্রাণ হারিয়েছেন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়েছেন।
আন্দোলনের সময় তরুণদের পারস্পরিক সহমর্মিতার কথা তুলে ধরে তিনি বলেন, এ আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিলো এর মানবিকতা। কেউ গুলিবিদ্ধ হলে অন্যরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেছে, আহতদের পাশে দাঁড়িয়েছে, পানি ও প্রাথমিক সহায়তা পৌঁছে দিয়েছে। বিশ্বের বিভিন্ন বিপ্লবে এমন দৃশ্য দেখা গেলেও জুলাই আন্দোলনে তা বাংলাদেশের মানুষ সরাসরি প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেন তিনি।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে চারদিক থেকে গুলি চালিয়েও আন্দোলনরত তরুণদের দমিয়ে রাখা সম্ভব হয়নি। মৃত্যুভয় উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে দাবি করেন তিনি।
নিজের গ্রেফতারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ১৯ জুলাই তাকে গ্রেফতার করা হয়েছিলো। কারাগারে থাকাকালেই তিনি বুঝতে পেরেছিলেন সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবর পাওয়ার পর তিনি নিশ্চিত হন যে জনগণের বিজয় সন্নিকটে।
তিনি আরও দাবি করেন, জুলাই বিপ্লব হঠাৎ করে সৃষ্টি হয়নি; এটি ১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের পরিণতি। তার মতে, এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ আন্দোলনের নানা ধাপ অতিক্রম করার পর জুলাই মাসেই সে সংগ্রামের সফল পরিণতি এসেছে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষদিকে রিজভী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য হাজারো ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন। তাই এ অর্জন যাতে ভবিষ্যতে আর কোনওভাবে প্রশ্নবিদ্ধ বা কলঙ্কিত না হয়, তা নিশ্চিত করা দেশের সব রাজনৈতিক শক্তি ও নাগরিকের দায়িত্ব।
সবার দেশ/কেএম




























