ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, গঙ্গার পানির ন্যায্য হিস্যা, ভারতের আধিপত্যবাদ মোকাবিলা, রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে এনসিপি।
গঙ্গার পানির হিস্যা নিয়ে কঠোর অবস্থানের দাবি
বৈঠকের আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে করা হলে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভারতের কাছে কঠোর বার্তা দিতে হবে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অবস্থান প্রয়োজন বলে মনে করে এনসিপি।
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে সরকারকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেয়া রায় কার্যকরের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে ওই কমিটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি।
‘আওয়ামী লীগের সঙ্গে লড়াই শেষ, এখন আধিপত্যবাদের বিরুদ্ধে’
আওয়ামী লীগের সঙ্গে বর্তমান রাজনৈতিক লড়াইকে এক করে দেখার সুযোগ নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে লড়াই ৫ আগস্টেই শেষ হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। সীমান্তের কাছে হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশবিরোধী সমাবেশ এবং সেখানে পলাতক আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।
‘শুধু আলোচনার জন্য আলোচনা নয়’
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপি এ আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সংলাপ যেন কেবল আনুষ্ঠানিকতা বা আলোচনা করার জন্য আলোচনা না হয়, বরং তা বাস্তবসম্মত ও কার্যকর ফলাফল বয়ে আনে—এটাই তাদের প্রত্যাশা।
তিনি বলেন, ঐক্যের উদ্যোগ কেবল ডিসেম্বরকে কেন্দ্র করে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জুলাই গণ-অভ্যুত্থানের সব শক্তিকে সঙ্গে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
সবার দেশ/এমকেজে




























