Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ২৩ এপ্রিল ২০২৬

খাদ্য লেবেলিং ও ওষুধ সরবরাহে জোর

দেশে ৭১ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে

দেশে ৭১ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে—এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে এক কর্মশালায়। বক্তারা বলেছেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগ দ্রুত বাড়ছে, কিন্তু তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এখনও পর্যাপ্ত নয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস–এ অনুষ্ঠিত ‘বাংলাদেশে অসংক্রামক রোগ মোকাবিলা: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং-এর ভূমিকা’ শীর্ষক জ্যেষ্ঠ সাংবাদিকদের কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। 

প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)–এর আয়োজনে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর–এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের ২৮ জন জ্যেষ্ঠ সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, অতিরিক্ত চিনি, লবণ (সোডিয়াম), স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স-ফ্যাটসমৃদ্ধ অতি-প্রক্রিয়াজাত খাবার অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ। বর্তমানে দেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ নিয়মিত প্যাকেটজাত খাদ্য গ্রহণ করলেও এসব পণ্যের পুষ্টি-তথ্য সাধারণ ভোক্তার জন্য সহজবোধ্য নয়। অনেক ক্ষেত্রে লবণ, চিনি বা চর্বির পরিমাণও স্পষ্টভাবে উল্লেখ থাকে না।

এ পরিস্থিতিতে প্যাকেটজাত খাদ্যের সম্মুখভাগে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালুর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, বাধ্যতামূলক এফওপিএল চালু হলে পণ্যের সামনে ‘অতিরিক্ত’ সতর্কবার্তা দেখে ভোক্তারা সহজেই বুঝতে পারবেন কোন খাবার স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এতে সচেতন খাদ্যাভ্যাস গড়ে উঠবে এবং উৎপাদকরাও পণ্যের মান উন্নয়নে বাধ্য হবে।

বিশ্বের ৪৪টি দেশে ইতোমধ্যে এ পদ্ধতি চালু হয়েছে, যার মধ্যে ১০টি দেশে এটি বাধ্যতামূলক। এসব দেশে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ কমেছে এবং ভোক্তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানানো হয়।

এছাড়া কর্মশালায় বলা হয়, দেশে অসংক্রামক রোগ বাড়লেও এ খাতে বাজেট বরাদ্দ খুবই কম—মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ। ফলে কমিউনিটি ক্লিনিকগুলোতে উচ্চ রক্তচাপের মতো রোগের ওষুধ নিয়মিত সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। টেকসই অর্থায়নের মাধ্যমে এসব প্রতিষ্ঠানে ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব বলে মত দেন বক্তারা।

আলোচনায় অংশ নেন ডা. সোহেল রেজা চৌধুরী, মুহাম্মাদ রূহুল কুদ্দুস, মর্তুজা হায়দার লিটন, নাদিরা কিরণ, মিজান চৌধুরী এবং এবিএম জুবায়ের। কর্মশালার মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন রিয়াজ আহমদ। এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন সামিহা বিনতে কামাল ও শবনম মোস্তফা।

বক্তারা সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অসংক্রামক রোগ দেশের জনস্বাস্থ্যের জন্য আরও বড় হুমকি হয়ে উঠবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজি ঘিরে নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষে রণক্ষেত্র
তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ
যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মোদির সঙ্গে সাক্ষাৎ
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ২২৪
মোবাইল চুরি করে সিসিটিভি ক্যামেরায় ধরা খেলেন এসআই
বাংলাদেশে কেউ আদিবাসী নই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা
দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ
১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং