গানে ‘ভাইরাল’ হওয়া বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি গানের সঙ্গে হাঁটার ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা এ শিক্ষক এবার প্রাথমিক শিক্ষা বিভাগের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের তালিকায় স্থান পেয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালও রয়েছেন।
এ ছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ চারজনের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিউটি রাণী পাল আলোচনায় আসেন চলতি বছরের ২৩ জুলাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর। ভিডিওতে নীল শাড়ি পরে হালকা বাতাসে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। পেছনে বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ বাজছিলো।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। একটি পক্ষ ভিডিওতে অশ্লীলতা ও আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ তোলে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়।
তবে ওই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, লেখক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিউটি রাণী পালের পাশে দাঁড়ান। তার প্রতি সমর্থন জানিয়ে অনেকে একই গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রতীকী প্রতিবাদও করেন।
ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর শিক্ষক বিউটি রাণী পাল দেশবাসী, তার পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় আলোচনার সে অধ্যায়ের পর এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার খবর নতুন করে আলোচনায় এনেছে বিউটি রাণী পালকে।
সবার দেশ/কেএম




























