Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২৩ জুলাই ২০২৫

হাসপাতাল-মর্গে খুঁজছে পরিবার

ছেলেকে আনতে গিয়েই আগুনে বিলীন হলেন আফসানা

ছেলেকে আনতে গিয়েই আগুনে বিলীন হলেন আফসানা
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন আফসানা আক্তার প্রিয়া। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা তিনি।

সোমবার (২১ জুলাই) দুপুরে প্রতিদিনের মতো ছেলেকে আনতে স্কুলে যান আফসানা। ভবন থেকে বের হওয়ার সময় ছেলের স্কুলব্যাগ ছিল তার হাতেই। ঠিক সে সময়েই ছেলে আফসান খেয়াল করে, তার একটি খাতা ভবনের তৃতীয় তলায় রয়ে গেছে। মা’কে নিচে দাঁড় করিয়ে খাতা আনতে ওপরে যায় সে—আর তখনই ঘটে যায় বিভীষিকাময় দুর্ঘটনা।

বিমান বিধ্বস্ত হওয়ার সময় ভবনের কাছেই দাঁড়িয়ে ছিলেন আফসানা। তার ছেলে আফসান বেঁচে ফিরলেও মায়ের খোঁজ নেই আর। সে থেকে ছুটে চলছে এক নিঃসীম উৎকণ্ঠার অভিযান—হাসপাতাল থেকে মর্গ, ধ্বংসস্তূপ থেকে বার্ন ইউনিট পর্যন্ত কোথাও খোঁজ মিলছে না প্রিয়ার।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে এসেছিলেন তার পরিবারের সদস্যরা। চোখেমুখে হতাশা আর কান্না। কখনও হাসপাতালের জরুরি বিভাগে, কখনো মর্গে, আবার কখনো স্কুলের ধ্বংসস্তূপে ছুটছেন তারা, হয়তো একটা পরিচয় মিলবে বলে।

আফসান ওহির চাচা হাসিবুল বলেন, ঘটনার সময় প্রিয়া ঠিক যেখানে দাঁড়িয়ে ছিলেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে তার আশপাশেই। আমরা প্রতিটি সম্ভাব্য জায়গায় খুঁজেছি, এখনও খুঁজছি। কিছু মরদেহ এতটাই বিকৃত যে, চেনার উপায় নেই।

তিনি জানান, দিয়াবাড়ী ফায়ার স্টেশনের সামনেই তাদের বাসা। প্রিয়া প্রতিদিনের মতো স্কুল ছুটির আগে ছেলেকে আনতে গিয়েছিলেন। সে একমাত্র ছেলেকে নিয়ে তার বহু স্বপ্ন ছিল। ওহি পাইলট হতে চায়—সে স্বপ্নে প্রিয়া দিন গুনতেন।

এখন ছোট্ট ওহি তার খালামণি ও নানুর কাছে রয়েছে। কিন্তু মায়ের জন্য বারবার কেঁদে উঠছে। ও জানে, মা হারিয়ে গেছে। ওর ছোট্ট মুখে এখনও প্রশ্ন—‘আম্মু কোথায়?’

আফসানার স্বামী ওহাব আহমেদ এখনও স্ত্রীর খোঁজে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। ছেলের চোখের জল, স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়া—সব মিলিয়ে একটি নিঃশব্দ, গভীর শোকাবহ ট্র্যাজেডি ছড়িয়ে পড়েছে এ পরিবারের প্রতিটি কোণায়।

বিধ্বস্তের সে মুহূর্তে অনেক শিশুকে উদ্ধার করা গেছে, অনেকে চিরতরে চলে গেছেন। কিন্তু নিখোঁজ থেকে যাওয়া আফসানা আক্তার প্রিয়া যেন এ দুর্ঘটনার এক বর্ণময়, অথচ শোকাবহ প্রতীক হয়ে উঠেছেন। তার পরিবারের প্রার্থনা একটাই—যেন অন্তত প্রিয়ার একটা চিহ্ন খুঁজে পান তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের