ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ সিপিডির
বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের অর্থনৈতিক কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে ভুল তথ্য উপস্থাপনের জন্য দুঃখ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সোমবার (২৪ আগস্ট) ‘নতুন সরকারের প্রথম ছয় মাস : একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এক মিডিয়া সংলাপে সরকারের ছয় মাসের অর্থনৈতিক কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরে সিপিডি। সেখানে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্য বিষয়ক অধ্যায়ে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এ তিনটি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
‘৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ, ৬২ হাজার লোক কর্মহীন’ শিরোনামে দেয়া এ তথ্যটি প্রকাশের পর দেশের বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে পরে তথ্যটির উৎস যাচাই করে সিপিডি দেখতে পায়, এতে সময়কাল নিয়ে গুরুতর বিভ্রান্তি রয়েছে।
রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিডি জানায়, তাদের উপস্থাপনায় ব্যবহৃত তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে নেয়া হয়েছিলো। প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। পরে অনুসন্ধানে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই সংবাদটি মূলত ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে তৈরি।
অর্থাৎ, এক বছর আগের তথ্যকে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট সময়ের তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এভাবেই সিপিডির প্রতিবেদনে তথ্যগত বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিবৃতিতে সিপিডি বলেছে, অসাবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে আমরা দুঃখ প্রকাশ করছি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের গবেষণা দল ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে তথ্যের মূল উৎস যাচাইসহ গবেষণা প্রক্রিয়ায় আরও সতর্কতা অবলম্বন করবে।
সিপিডির এ ভুল তথ্য প্রকাশের বিষয়টি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা তৈরি হয়। বিশেষ করে শিল্পকারখানা বন্ধ এবং বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হওয়ার মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের ক্ষেত্রে উৎস যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে।
সিপিডির পক্ষ থেকে ভুলটি স্বীকার করে দুঃখ প্রকাশের পর সংশ্লিষ্ট তথ্যটি তাদের উপস্থাপিত মূল্যায়নের ক্ষেত্রে সংশোধনযোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























