যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরতে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশনা দেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তবে তাদের সম্পৃক্ততা ও ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিস্তারিত তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
বিবৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়। বিদেশের মাটিতে তার সঙ্গে এ ধরনের আচরণের ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ ধরনের ঘটনা দেশের মর্যাদা ও সম্মানের জন্যও ক্ষতিকর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তাকে উদ্দেশ করে উচ্চস্বরে স্লোগান ও বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এ সময় তার সফরসঙ্গীরা দ্রুত তাকে বিমানবন্দরের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যান।
ঘটনার পর ড. ইউনূসের সফরসঙ্গী লামিয়া মোরশেদ জানিয়েছিলেন, তিনি ভালো আছেন এবং এ ঘটনায় তার কোনও ক্ষতি হয়নি।
সবার দেশ/কেএম




























