বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত, দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন।
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক লাফে ২০ টাকা বাড়ানোর পর এবার যাত্রীবাহী বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। নতুন ভাড়া কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করা হবে। পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেয়। প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিলো।
বিআরটিএর সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর নীতিগত সিদ্ধান্তের বিষয়টি আলোচনায় আসে। অন্যদিকে রাজধানীসহ বিভিন্ন শহরাঞ্চলে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করা হয়।
তবে মঙ্গলবারের বৈঠকে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে দূরপাল্লা ও নগর পরিবহনের ক্ষেত্রে চূড়ান্ত ভাড়া কীভাবে নির্ধারিত হবে, তা প্রজ্ঞাপন জারির পর স্পষ্ট হবে।
বিআরটিএ সূত্র জানিয়েছিলো, ভাড়া কতটা বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের মধ্যে আলোচনা শেষে নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিলো। তখন বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়।
সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিলো।
দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেয়া হয়। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে সেতু ও সড়কের টোলও যুক্ত করা হয়।
নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের ফলে বিভিন্ন রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে। চূড়ান্ত ভাড়া ও কার্যকরের তারিখ সরকারি প্রজ্ঞাপনে জানানো হবে।
সবার দেশ/এমকেজে




























