নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে প্রাথমিক নিবন্ধন বাতিল
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
২০২৭ সালের পবিত্র হজে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন করা যাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।
রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর ৬ নম্বর উপধারা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচিত প্যাকেজের বকেয়া অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজে অংশগ্রহণে আগ্রহী নিবন্ধিত যাত্রীদের সময়সীমার মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সবার দেশ/এমকেজে




























