Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:১৬, ২৬ মে ২০২৬

আরাফার ময়দানে বিশ্ব মুসলিমের মহাসম্মিলন

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র হজ আজ

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র হজ আজ
ফাইল ছবি

আজ মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজের মূল দিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসলমানের উপস্থিতিতে সৌদি আরবের আরাফার ময়দান পরিণত হয়েছে এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলায়। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’— এ ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সমগ্র আরাফাত প্রান্তর। মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণ, ক্ষমাপ্রার্থনা ও আত্মশুদ্ধির প্রত্যয়ে হাজিরা আজ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

ফজরের নামাজের পর থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় ২০ লাখের বেশি মুসল্লি আরাফার ময়দানে সমবেত হন। তাদের মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮ হাজারেরও বেশি। সাদা এহরামে আবৃত লাখো মানুষের উপস্থিতিতে মরুপ্রান্তর যেন শুভ্রতার এক বিশাল সাগরে রূপ নিয়েছে।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম এ হজ পালন করতে এসে হাজিরা আজ ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন। ইসলামী শরিয়তে এ অবস্থানকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। আরাফার বিস্তীর্ণ সমতল ভূমিতে তারা মহান আল্লাহর জিকির-আসকার, দোয়া-মোনাজাত ও ইবাদত বন্দেগিতে সময় অতিবাহিত করবেন।

এ বছর পবিত্র হজের খুতবা প্রদান করেন মদিনার মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে তিনি হজের খুতবা দেন। পরে হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত ত্যাগ করে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। একই সঙ্গে মিনায় জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কংকর সংগ্রহ করবেন।

আগামী ১০ জিলহজ মিনায় পৌঁছে হাজিরাদের পর্যায়ক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফে জিয়ারত। পরে জিলহজের ১১ ও ১২ তারিখ মিনায় অবস্থান করে বড়, মধ্যম ও ছোট জামারাতে পাথর নিক্ষেপ করবেন তারা।

ইসলামী ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার পরীক্ষায় অবতীর্ণ হন। পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্দেশ্যে মিনায় যাওয়ার পথে শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন তিনি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। সে ঘটনার স্মরণেই আজও হাজিরা জামারাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করেন।

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কায় ফিরে হাজিরারা কাবা শরিফ তাওয়াফ করবেন। এটিকে বিদায়ী তাওয়াফ বলা হয়। স্থানীয় হাজিদের বাইরে অন্য দেশ থেকে আসা মুসল্লিরা বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাবেন।

এর আগে সোমবার দিনভর ও রাতভর হাজিরা মিনায় অবস্থান করেন। মসজিদুল হারাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের মিনা এলাকায় প্রতিবছরের মতো এবারও লাখ লাখ তাঁবু স্থাপন করা হয়েছে। তাঁবুর এ বিশাল নগরীতে হাজিদের জন্য আলাদা ফোম, বালিশ ও কম্বলের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগিতে সময় কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা।

পবিত্র হজকে কেন্দ্র করে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফাসহ আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী। পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিবহন ও জরুরি ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

সৌদি আরবে বর্তমানে তীব্র গরম বিরাজ করছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার গড় তাপমাত্রা ছিলো ৪২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে হাজিদের দুর্ভোগ কমাতে এবার কাজ করছে ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও প্রায় আড়াই লাখ কর্মকর্তা। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ক্যামেরা ও তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে হজ ব্যবস্থাপনায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার নেতৃত্বে মোবারক-সবুজ
জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সাত জেলা প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
জন্মশহরে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
বিএনপি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
বালু উত্তোলন ঘিরে সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ
চীনে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮
মিসরের অভিযোগ উড়িয়ে দিলেন কলিনা
যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট