মোব ভায়োলেন্স
ব্রেইন ফাউন্ডেশনের কার্যালয় দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি
জনসেবামূলক প্রতিষ্ঠান ব্রেইন ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের ওই কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, ২৬ জুন বিকেল ৩টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একদল দুর্বৃত্ত লাঠি-সোটা নিয়ে ব্রেইন ফাউন্ডেশনের অফিসে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় অফিসে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. এইচ এম শফিকুর রহমান এবং সদস্য মো. হাফিজুল ইসলাম জেমী। হামলাকারীরা হাফিজুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
হামলাকারীরা অফিস ছেড়ে দিতে হুমকি দেয় এবং না ছাড়লে খুন-জখমসহ প্রাণনাশের হুমকি দেয়। হামলার পর তারা অফিসের দরজায় তালা লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রসঙ্গত, ব্রেইন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, মানবিক, সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে রয়েছেন দেশের খ্যাতিমান নিউরোসার্জন ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মো. রাজিউল হক। সাধারণ মানুষের সেবায় নিউরোলজিক্যাল রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে এ সংগঠন।
ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন কমিউনিটি মেডিসিনের সাবেক অধ্যাপক ডা. এইচ এম শফিকুর রহমান। তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন ও শিশু হাসপাতালের অন্যতম সংগঠক হিসেবেও পরিচিত।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সবার দেশ/এফএস




























