Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ১৩ অক্টোবর ২০২৬

এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার

এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সারের নতুন ডিলার নিয়োগের তালিকা ঘিরে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। প্রকাশিত তালিকায় তার ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী ডিলার হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও প্রকাশিত তালিকা সূত্রে জানা গেছে, নাসিরনগরের ১৩টি ইউনিয়নে একজন করে মোট ১৩ জনকে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় বিএনপির একাধিক নেতার দাবি, তালিকায় গোকর্ণ ইউনিয়নে মোহাম্মদ আদনান সাদী, গোয়ালনগর ইউনিয়নে নুরুন্নাহার আক্তার এবং সদর ইউনিয়নে আরক মিয়া ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে আদনান সাদী সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, নুরুন্নাহার তার ভাগ্নে শরীফুল ইসলামের স্ত্রী এবং আরক মিয়া তার ভগ্নিপতি।

স্থানীয় সূত্রের দাবি, আরক মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সভাপতি আসাদ চৌধুরীর ভাই। এ ছাড়া সংসদ সদস্যের ভাগ্নে শরীফুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়ালনগর থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন বলে বিএনপির কয়েকটি সূত্র জানিয়েছে। সেই লক্ষ্যেই তার স্ত্রীর নামে ডিলারশিপ নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নুরুন্নাহারের শ্বশুর সাদেক মিয়া চাতলপাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

নতুন ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, 

সারের ডিলারে আওয়ামী লীগের দোসর!!! এমন হলে আওয়াজ তুলুন, দরকার হলে ঐ আকামে যারা জড়িত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে লিখুন।

গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, 

নাসিরনগর উপজেলায় সারের ডিলার, চাউলের ডিলার পেতে বিএনপির কর্মী লাগে না। তেল ঠিক জায়গামতো দিলেই হয়। খাঁটি আওয়ামী লীগের হলেও সমস্যা নাই।

স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ২০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন তালিকায় দলের ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাননি বলে তাদের একাংশের অভিযোগ। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের দুই নেতা ও বিএনপির দুই নেতা অর্থের বিনিময়ে ডিলারশিপ বরাদ্দের অভিযোগ শোনার কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণের তথ্য পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার এমপির

স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য এম এ হান্নান। তিনি বলেন, সরকারের আইনকানুন ও নিয়ম মেনেই আমার ছেলে, ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রী সার ডিলারের নিয়োগ পেয়েছে। আর তাদের জায়গাগুলোতে (তিন ইউনিয়নে) যোগ্য তেমন কেউ আবেদন করেননি। মানুষ তো কথা বলবেই। এসব সত্য না।

অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা। এটা সম্পূর্ণ গুজব। কোনোটাই সত্য নয়।

অন্য নিয়োগপ্রাপ্তদের নিয়েও প্রশ্ন

নতুন নিয়োগ পাওয়া অন্য কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যক্তিরা। তাদের দাবি, বুড়িশ্বরের জসিম মিয়া আগে নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ওরফে দানার মিয়ার ভাগ্নে।

কুন্ডা ইউনিয়নের রেনু মিয়া স্থানীয় যুবদল সভাপতি অনু মিয়ার ভাই। স্থানীয় সূত্রের দাবি, অনু মিয়ার আগের ডিলারশিপ বাতিল হওয়ার পর এবার তার ভাই নিয়োগ পেয়েছেন। ফান্দাউকের শারমীন আক্তার ইউনিয়ন যুবদল সভাপতি ফয়েজ আনসারির স্ত্রী। তবে তাদের কেউই সারের ব্যবসার সঙ্গে জড়িত নন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

চাতলপাড়ের শামীমা আক্তারের স্বামী আলমগীর হোসেন ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, হরিপুরের আরিফুল ইসলাম ঢাকায় আসবাবপত্রের ব্যবসা করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এসব রাজনৈতিক ও পারিবারিক পরিচয় ডিলার নিয়োগে অনিয়মের প্রমাণ নয়। তবে নিয়োগপ্রক্রিয়ায় যোগ্যতা, স্বচ্ছতা ও নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গুদামের সক্ষমতা নিয়েও অভিযোগ

কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিধি অনুযায়ী, সার ডিলার হতে আবেদনকারীর কমপক্ষে ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকতে হয়। গুদামের দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ১৫ ফুট ও উচ্চতা ১০ ফুট হওয়ার শর্ত রয়েছে। নাসিরনগরে নতুন নিয়োগ পাওয়া অনেক ডিলার এ মানদণ্ড পূরণ করেন না বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা কোনও প্রতিবেদন পাওয়া যায়নি।

নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, যারা আবেদন করেছিলেন যাচাই-বাছাই করে তাদের নামের তালিকা জেলায় পাঠানো হয়েছে। সেখান থেকে কীভাবে কী হয়েছে জানি না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোস্তফা এমরান বলেন, 

আমি সরকারি চাকরি করি। সংসদ সদস্যরা প্রতিটি কমিটির উপদেষ্টা। এর বাইরে আমার কিছু বলার নেই।

জেলায় ১০৬ ডিলারশিপে আবেদন ৮২৫টি

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় ১০৬টি সার ডিলারশিপের বিপরীতে মোট ৮২৫ জন আবেদন করেছিলেন। জেলা সার ও বীজ মনিটরিং কমিটি প্রতিটি ইউনিয়নের জন্য অগ্রাধিকারভিত্তিতে তিনজন করে প্রার্থীর নাম সুপারিশ করে সার ডিলারসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠায়। সেখান থেকে চূড়ান্তভাবে ২৯২ জনের আবেদন সুপারিশ করা হয়।

নাসিরনগরে ডিলার নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য এখনও পাওয়া যায়নি। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম হয়েছে কি না, তা নির্ধারণে আবেদন যাচাই, গুদামের সক্ষমতা পরিদর্শন এবং প্রার্থীদের যোগ্যতার নথি পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির