Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হাঁস-মুরগি নিয়ে ওসিকে বিদায় জানালেন এলাকাবাসী

হাঁস-মুরগি নিয়ে ওসিকে বিদায় জানালেন এলাকাবাসী
ছবি: সংগৃহীত

বিদায়বেলায় প্রিয় ওসির হাতে কেউ তুলে দিলেন বাড়ির গাছের লাউ, কেউ আনলেন মৌসুমি ফল। আবার কেউ ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার দিলেন হাঁস-মুরগি ও ডিম। ব্যতিক্রমী এসব উপহারের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেনকে আবেগঘন বিদায় জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জেওএম তৌফিক আজমকে বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয়রা বিদায়ী ওসি আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে ফুল দিয়ে নবাগত ওসি জেওএম তৌফিক আজমকেও বরণ করে নেয়া হয়।

বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় এবং দায়িত্ব পালনকালের নানা স্মৃতি নিয়ে আলাপচারিতায় পুরো অনুষ্ঠানজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে আনুষ্ঠানিকতার বাইরে স্থানীয়দের দেয়া ব্যতিক্রমী উপহারই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। কেউ বাড়ির লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস, মুরগি ও ডিম নিয়ে হাজির হন প্রিয় কর্মকর্তাকে বিদায় জানাতে।

এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, দায়িত্ব পালনকালে ওসি আফজাল হোসেন হরিরামপুরের বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর রাখতেন। সকালে হাঁটতে বের হয়ে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন এবং সরেজমিনে পরিস্থিতি বোঝার চেষ্টা করতেন।

চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের ৮০ বছর বয়সী চাঁন মেম্বার বলেন, 

আফজাল ওসি আমগো চরের শান্তি রক্ষায় মেলা ভাল কাজ করছে। আমরা শান্তিতে ছিলাম, মাদক নিয়ন্ত্রণে মেলা কাজ করছে।

স্থানীয়দের ভাষ্য, ওসি আফজাল হোসেন শুধু থানার দায়িত্বের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং স্থানীয় সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করতেন। এ কারণেই দায়িত্ব শেষে তার বিদায়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আবেগ তৈরি হয়।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন ওসি মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার বাইরে অবস্থান করা স্থানীয়রাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেউ হাত নেড়ে বিদায় জানান, কেউ আবার আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি মুছতে থাকেন।

স্থানীয়দের এমন ভালোবাসায় বিদায়ী ওসি আফজাল হোসেনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, চাকরি করলে বদলি হবেই। হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। বিদায়বেলায় হরিরামপুরবাসী যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, আমি কখনো ভুলবো না।

তিনি আরও বলেন, এ রকম বিদায় আমি আমার চাকরিজীবনে কখনও দেখিনি। হরিরামপুরবাসীর এ ভালোবাসা ও সম্মান আমার কাছে অকল্পনীয়। এখানকার মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক ও স্মৃতি সারাজীবন মনে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

ফুলের মালা, লাউ, মৌসুমি ফল, হাঁস-মুরগি আর ডিম—বিদায়ের আনুষ্ঠানিক উপহারের চেয়েও যেন বড় হয়ে উঠলো মানুষের ভালোবাসা। আর সে ভালোবাসার স্মৃতি নিয়েই হরিরামপুর ছাড়লেন ওসি মোহাম্মদ আফজাল হোসেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গানে ‘ভাইরাল’ হওয়া বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে: প্রধানমন্ত্রী
এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর পক্ষে নই: জামায়াত আমির
র‌্যাংকিং নয়, সামর্থ্যেই বিশ্বাস হামজার
হাঁস-মুরগি নিয়ে ওসিকে বিদায় জানালেন এলাকাবাসী
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বারিধারায় গাড়িচাপা: চালক কিশোর, মামলায় আসামি অন্যজন
মরিয়মের মৃত্যু তদন্তে নতুন মোড়, মামা ওবায়দুর গ্রেফতার
১৬ দিন বিদ্যুৎহীন আইএইচটি, অনির্দিষ্টকালের ছুটি
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না: পেজেশকিয়ান
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান
আগ্রাসি হয়ে উঠছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় গেলো ৬ প্রাণ
এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ