জড়িতদের দ্রুত গ্রেফতার ও শিল্পীর নিরাপত্তা নিশ্চিতের দাবি
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম এক যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক বিসিবি পরিচালকের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা জননিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সিজেএফডির নেতারা ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বিবৃতিতে আসিফ আকবরের প্রতি সংহতি প্রকাশ করে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।
উল্লেখ্য, আসিফ আকবর বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার পরিচিতি রয়েছে। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সবার দেশে/এমকেজে




























