স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেন।
সোমবার (১৯ অক্টোবর) মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।
তিনি বলেন,
দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভূমিকার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, এর আগে মিষ্টি পদত্যাগ করেছেন, কিন্তু তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনা অনুযায়ী দেশ চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, এ ধরনের পরিস্থিতি গণতন্ত্র ও আইনের শাসনের উদাহরণ হতে পারে না।
সংবিধান সংশোধন কমিটি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনও নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেয়া সংস্কারের বিরোধিতায় বক্তব্য দেওয়াচ্ছে। তার ভাষায়, এসব জনগণের সঙ্গে প্রহসন।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সবার দেশ/এফও




























