Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২৭ জানুয়ারি ২০২৬

মৃত্যু ও বিদ্যুৎহীনতায় দুর্ভোগ চরমে

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। টেক্সাস থেকে শুরু করে মেইন পর্যন্ত এ ঝড়ের প্রভাবে অন্তত এক ডজন মানুষের মৃত্যু হয়েছে, বাতিল ও বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ। বড় বড় শহর ঘন তুষারের চাদরে ঢেকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় প্রায় ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে সড়কে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং বহু এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অন্তত এক ডজন মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত শহরটিতে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় নিউইয়র্কে তাপমাত্রা নেমে আসে এক ডিজিটে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১১ দশমিক ৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

টেক্সাসে তুষারের মধ্যে স্লেডিং করতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নর্থ ক্যারোলাইনার বানকম্ব কাউন্টিতে একটি সড়কের পাশে একজনের লাশ উদ্ধার করা হলেও কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয়, এ মৃত্যু আবহাওয়া-জনিত কি না। লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তীব্র শীতের কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে সেখানে দুজনের মৃত্যু হয়েছে।

টেনেসিতে সোমবার বিকেল পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। তীব্র ঠাণ্ডার মধ্যে অন্ধকারে দিন কাটাতে বাধ্য হন অনেক বাসিন্দা। নাশভিল রেসকিউ মিশন হোমসের শেল্টারের ভাইস প্রেসিডেন্ট জয় ফ্লোরেস বিবিসিকে বলেন, অনেক জায়গায় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে আছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎহীন মানুষের কাছ থেকে তাদের প্রতিষ্ঠান অসংখ্য ফোন কল পাচ্ছে। তিনি জানান, তার নিজের বাড়িতেও গরমের ব্যবস্থা নেই, নেই ইন্টারনেট বা কফি—সবকিছুই স্থবির হয়ে পড়েছে।

ঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিমান চলাচলে। সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমানযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সোমবার ১৯ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং পাঁচ হাজার ৯০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বহু বিমানবন্দরে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন।

ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি অঙ্গরাজ্যের বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, এ ঝড় এখনও শেষ হয়নি। সোমবার সেখানে আরও এক থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে আবারও একটি শীতকালীন তুষারঝড় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে দেশটির পূর্বাঞ্চলজুড়ে তীব্র শীতের পাশাপাশি ব্যাপক ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। তবে ঝড়টির সম্ভাব্য গতিপথ বা কোন এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে—তা এখনও নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি এ ঝড়ের প্রভাব পড়েছে কানাডাতেও। কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ অন্টারিও, কুইবেক ও অটোয়া অঞ্চলে জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিবিসির তথ্য অনুযায়ী, রোববার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ দশমিক ১ ইঞ্চি বা ৪৬ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা ওই এলাকার জন্য একটি নতুন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সামনে আরও ঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও কানাডা—দুই দেশেই চরম শীতের সঙ্গে দীর্ঘস্থায়ী দুর্ভোগের শঙ্কা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গাইবান্ধা-৩ আসনে হাসান সাদিকের ‘৭৫ দফা’র ইশতেহার
যশোরের ৬ আসনে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা
জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন
‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির
ফরিদপুর নামেই নতুন বিভাগ হবে: জামায়াত আমির
এপস্টেইন কেলেঙ্কারিতে তদন্তের মুখে যেসব প্রভাবশালী
শাহবাগে পুলিশের লাঠিচার্জে আহত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি
তারেক রহমানকে ওপেন ডিবেটের আহ্বান জামায়াত আমিরের
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪
৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের
৫১ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা বিএনপির
লীগ সক্রিয়, নির্বাচন বানচালের চেষ্টা চলছে
হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাচ্ছে সরকার
জাকসুর ভিপি জিতুর বিএনপিতে যোগদান
নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় জনসভা বাতিল
পুলিশের সঙ্গে সরকারি কর্মচারীদের ব্যাপক সংঘর্ষ
ব্যারিকেড ভেঙে যমুনার পথে সরকারি চাকরিজীবীরা
দুর্নীতির ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির
‘এখনই ইরান ছাড়ুন’—মার্কিনীদের বার্তা যুক্তরাষ্ট্রের
টঙ্গীবাড়িতে বাইক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব