Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে

প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
ছবি: সংগৃহীত

ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

রোববার রাত ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধস্থল ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানান তিনি।

ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সময় তারা দুজন ওই ফ্ল্যাটে ছিলেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে জানা যাবে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরিয়ম খাতুনের লাশ দেখতে পান ভবনের লোকজন। পরে তারা শেরেবাংলা নগর থানায় খবর দেন।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিএমপির তেজগাঁও জোনের উপকমিশনার ঘটনাস্থলে যান। জানালা দিয়ে লাশ দেখতে পাওয়ার পর তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডেকে পাঠান। পরে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

এদিকে মরিয়ম খাতুনকে ঘিরে এর আগে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছিলো। গত ২১ জুলাই এক তরুণীর সঙ্গে সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

বহিষ্কার আদেশে দলীয় তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়। তবে গাজী নজরুল ইসলাম তখন দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তিনি জানান, চলতি বছরের ১৭ জুন তাদের বিয়ে হয়েছে।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান