পুলিশে সোপর্দ
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
রাজধানীর লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৩২) নামে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দা, বাসচালক-হেলপার ও পুলিশ সদস্যরা। এ সময় ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে আজিমপুর মোড় সংলগ্ন স্টাফ কোয়ার্টার মসজিদের বিপরীত পাশে বিশতলা ভবনের ২ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় বিভিন্ন কোম্পানির গণপরিবহণ পার্কিং করে রাখা ছিলো। রাতের অন্ধকারে কয়েকজন যুবক বাসে আগুন দেয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে তারা পলিথিনের কাগজে আগুন ধরিয়ে বাসে আগুন দেয়ার চেষ্টা করে।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন, বাসচালক ও হেলপাররা এগিয়ে গেলে সেখানে থাকা ১৫ থেকে ২০ জনের মধ্যে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা একজনকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে লালবাগ থানায় নিয়ে যায়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, আটক আমিনুল ইসলাম শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে শাওন নিজেকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিলো বলেও সে জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম শাওনের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বেপারীপাড়া আন্নাবাদ এলাকায়। তার বাবা মৃত জামাল উদ্দিন এবং মা শাহীন আক্তার। বর্তমানে সে লালবাগের জে এন সাহা রোডের ২৬৬/৫ নম্বর বাড়িতে, রহমত উল্লাহ হাই স্কুলের পাশে সেতু বেগমের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতো।
ওসি জামিল হোসেন আরও জানান, শাওনের দেয়া তথ্য অনুযায়ী, সেতু নামে আওয়ামী লীগ-যুবলীগের এক নেত্রীর বাসায় সে থাকতো। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সে ঢাকায় আসে। এরপর বাইক রাইডার হিসেবে কাজ করত বলে জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকায় আসার পর আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং তাদের কাছ থেকে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কথাও জিজ্ঞাসাবাদে জানিয়েছে শাওন।
বাসে আগুন দেয়ার চেষ্টার ঘটনায় আটক শাওনকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে থাকা অন্যদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সবার দেশ/কেএম




























