Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেয়ার পর ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে দলের মনোনয়নপ্রত্যাশীরা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। ১০ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২৯ অক্টোবর।

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচার

স্থায়ী কমিটির বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান রিজভী। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের সিদ্ধান্তের পাশাপাশি ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ করা হবে। চিকিৎসক ও বিশেষজ্ঞদের তৈরি সচেতনতামূলক প্রচারপত্র মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এ ছাড়া সোশ্যাল মিডিয়া, বেতার ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়া হবে। স্কুল-কলেজ, মাদ্রাসা, হাটবাজারসহ বিভিন্ন স্থানে নির্দিষ্ট জায়গায় আবর্জনা রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় ও তদারকি করবে দলটি।

শূন্য পদে পদোন্নতির উদ্যোগ

বৈঠকে বিএনপির সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দলের বিভিন্ন কমিটিতে মৃত্যু, বহিষ্কারসহ নানা কারণে যেসব পদ শূন্য হয়েছে, সেগুলো পূরণের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, দলের বিভিন্ন কমিটিতে শূন্য পদগুলোতে নিচের পদে থাকা নেতাদের পদোন্নতি দেয়া যায় কি না, তা গঠনতন্ত্রের বিধান অনুযায়ী বিবেচনা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া বিভিন্ন কার্যক্রম ও নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান রিজভী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠক করল বিএনপি। স্থায়ী কমিটিতে জায়গা পাওয়ার পর এ বৈঠকে প্রথমবারের মতো রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ