Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ১ আগস্ট ২০২৬

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা

গ্যাস সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

গ্যাস সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা। কোথাও গ্যাসের চাপ অত্যন্ত কম, আবার কোথাও সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেই গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ গ্রাহকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ার চালকেরা, যাদের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, ভোর থেকেই গ্যাসচালিত যানবাহনের দীর্ঘ সারি। ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। অনেক স্টেশনে গ্যাসের চাপ এতটাই কম যে একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে। ফলে লাইনের শেষদিকে থাকা চালকদের অপেক্ষার সময় আরও দীর্ঘ হচ্ছে।

ভুক্তভোগী চালকরা জানান, প্রতিদিনের বড় একটি অংশ এখন রাস্তায় নয়, বরং ফিলিং স্টেশনের লাইনে কাটছে। কেউ কেউ ভোর থেকে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি আয়ও মারাত্মকভাবে কমে গেছে।

একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, আগে দিনে দুই থেকে আড়াই হাজার টাকা আয় হতো। এখন দিনের অর্ধেক সময় লাইনে দাঁড়িয়ে কাটাতে হয়। গ্যাস না পেলে হাজার টাকাও আয় করা সম্ভব হচ্ছে না। আরেকজন রাইড শেয়ার চালক বলেন, যাত্রী পেলেও পর্যাপ্ত গ্যাস না থাকায় ট্রিপ নিতে পারছেন না। এতে চালকদের পাশাপাশি যাত্রীরাও দুর্ভোগে পড়ছেন।

গ্যাস সংকটের মধ্যেই সিএনজির দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গ্রাহকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে মূল্য বৃদ্ধি করা হলে পরিবহন ব্যয় আরও বাড়বে এবং শেষ পর্যন্ত এর চাপ সাধারণ মানুষের ওপরই পড়বে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশে বর্তমানে প্রতিদিন প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। তবে মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসে দৈনিক ২ হাজার মিলিয়ন ঘনফুটের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে সিএনজি ফিলিং স্টেশনের পাশাপাশি বাসাবাড়ি, শিল্প-কারখানা এবং বিদ্যুৎ উৎপাদনেও গ্যাসের সংকট প্রকট হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম। ফলে আগামী কয়েক দিনও গ্যাসচালিত যানবাহনের চালক ও সাধারণ গ্রাহকদের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান