Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ০০:১৯, ২৩ আগস্ট ২০২৬

বাড়ানো হবে গবেষণায় বরাদ্দ

দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে উন্নত বিশ্বের আদলে দেশে একটি পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত পৃথক কোনও পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। অথচ প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবন হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য দেশের অনেক শিক্ষার্থী বিদেশের পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন। গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী বাংলাদেশেও একটি পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। উন্নত বিশ্বের আদলে নতুন এ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ খাতে বাজেট বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে। আগামী বছর তা ৩ শতাংশ এবং পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ করতে হবে। নতুন কোনও বিভাগ খোলার ক্ষেত্রেও ভবিষ্যতের কর্মসংস্থান ও বাজারের চাহিদা বিবেচনায় নিতে হবে।

বর্তমান সরকার নতুন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি জানিয়ে তিনি বলেন, মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইউজিসিকে কাজ করতে হবে।

গবেষণা খাতে বর্তমান বরাদ্দ অপ্রতুল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, গবেষণার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসব পরিকল্পনা বাস্তবায়নে ইউজিসিকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আন্তর্জাতিক শিক্ষাবাজারে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যুক্তরাজ্য তাদের ৩৫ বিলিয়ন ডলারের শিক্ষাবাজারকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে। বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করেই তারা বড় শিক্ষাবাজার তৈরি করেছে। বাংলাদেশকেও বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো মানসম্মত শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশ গড়ে তুলতে হবে।

এ ছাড়া দেশে একটি রিসার্চ ব্যাংক প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি তুলনামূলক কম হওয়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সরকারের অগ্রাধিকারমূলক খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউজিসি কাজ করছে। উচ্চশিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে পাঁচ বছর মেয়াদি একটি কৌশলপত্রের খসড়া প্রণয়ন করা হয়েছে। অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী জ্ঞান ও দক্ষতাসম্পন্ন স্নাতক তৈরি করা উচ্চশিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য শুধু পাঠ্যক্রম আধুনিকায়ন করলেই হবে না, শিক্ষার্থীদের যোগাযোগ, সমস্যা সমাধান, দলগতভাবে কাজ করা ও নেতৃত্ব দেয়ার দক্ষতাও বাড়াতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর উদ্যোগ নেয়া হবে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কার্যক্রমে ইউজিসি সমন্বয়কের ভূমিকা পালন করবে। ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়ার ব্যবস্থাও রাখা হবে।

ইউজিসি জানিয়েছে, সংলাপের দ্বিতীয় দিনে উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থানযোগ্যতা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের ভূমিকা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা