ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মেস্ত্রের একটি পার্কের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই সময় ভাইয়ের পরিবারের সঙ্গে সেখানে ঘুরতে গিয়েছিলেন বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তার মুঠোফোনও ছুড়ে ফেলা হয়।
ঘটনার সময় হামলাকারীদের কয়েকজনকে বাঁধনকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে এবং রাজনৈতিক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আমরা ইতালির ছাত্রলীগ। বাংলাদেশের যেকোনও প্রান্তে যাবে, তাদের আমরা প্রতিহত করবো।
হামলার সময়কার আরেকটি ভিডিওতে বাঁধনকে বলতে শোনা যায়, বাচ্চা আছে আমার। কী করছেন এগুলো? এর বিপরীতে হামলাকারীদের কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং বাঁধনকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
ঘটনার একটি অংশ ফেসবুকে লাইভ করেন মনিরুল হাওলাদার নামের এক ব্যক্তি। ওই লাইভের ক্যাপশনে লেখা ছিলো,
জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।
স্থানীয় আওয়ামী লীগ ও মনিরুলের স্বজনদের সূত্রে জানা গেছে,
তার বাড়ি মাদারীপুরে। তিনি ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে বাঁধনের ওপর হামলা ও হেনস্তায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ভিডিওতে কাউকে বাঁধনের দিকে পানি ছুড়তে, কাউকে শাসাতে, কাউকে ঘটনার ভিডিও ধারণ করতে এবং কাউকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওতে বাঁধনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বারবার পানি ছুড়ে দিতে দেখা যায় শিপল মাহমুদ বিপ্লবকে। তার বাড়ি শরীয়তপুরে। শরীয়তপুরের ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা গেছে, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ভিডিওতে বাঁধনের দিকে এগিয়ে গিয়ে থাপ্পড় দেয়ার চেষ্টা করা ব্যক্তিদের একজন হিসেবে ইলিয়াস মিয়ার পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
সোশ্যাল মিডিয়ায় পাওয়া বিভিন্ন ছবি ও তথ্য অনুযায়ী, ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও ইলিয়াসের উপস্থিতি দেখা গেছে।
হামলার ভিডিওতে দেখা যায়, ইলিয়াস বাঁধনের দিকে এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় দেয়ার চেষ্টা করেন। এ সময় আঘাতটি বাঁধনের হাতে লাগে এবং তার মুঠোফোন হাত থেকে পড়ে যায়।
ঘটনার ভিডিওতে বাঁধনের আশপাশে থাকা এবং তাকে একাধিকবার শাসাতে দেখা যাওয়া ব্যক্তিদের একজন আলতাফ পাহাড়। তার বাড়ি শরীয়তপুরে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আলতাফ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিসে যুবলীগের সঙ্গে যুক্ত বলে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।
ঘটনার সময় ধারণ করা ভিডিওতে আলতাফকে সামনের সারিতে দেখা যায়। কয়েকটি দৃশ্যে তাকে বাঁধনকে শাসাতে এবং আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে।
সবার দেশ/কেএম




























