প্রজ্ঞাপন জারি
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লঞ্চের যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন ভাড়া বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন জারি করে নৌপরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার লঞ্চের যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন ভাড়া আগের তুলনায় প্রায় সাড়ে ৭ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে নতুন ভাড়া নির্ধারণ করেছে। একই দিন থেকেই নতুন ভাড়া কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের লঞ্চযাত্রায় জনপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২২ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এ দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে জনপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ।
এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন লঞ্চভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাসভাড়া বাড়ানোর পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হলো। ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল দেশের সড়ক ও নৌপথের যাত্রী পরিবহনে।
সবার দেশ/কেএম




























