লেটার অব ইনটেন্ট দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
দেশে প্রাথমিকভাবে আরও চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ডিজিটাল ব্যাংকের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অনুমোদন পাওয়া চার ডিজিটাল ব্যাংক হলো—বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
এর আগে কড়ি নামে একটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছিৎলো। ফলে নতুন চারটি নিয়ে দেশে এখন পর্যন্ত মোট পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দেয়া হলো।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য এর আগে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিলো। আবেদনকারীদের মধ্যে রয়েছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ওই দুটি প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংক লাইসেন্স স্থগিত করে।
নতুন চারটি প্রতিষ্ঠানকে এলওআই দেয়ার মাধ্যমে দেশে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের প্রক্রিয়া নতুন করে গতি পেলো। তবে এলওআই পাওয়ার পর ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট শর্ত পূরণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
সবার দেশ/কেএম




























