আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
স্বাধীন-সার্বভৌম একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে মন্তব্য করেন। তার দাবি, নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এরই মধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞ দলের দেয়া সুপারিশ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলেও দাবি করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, জামায়াত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করলেও কোনও ধরনের অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো সহিংস কর্মকাণ্ডে তারা জড়িত নয়। তিনি সরকারকে শান্ত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
এদিকে একই দিনে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন উপলক্ষে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি।
সেখানে তিনি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন একটি গৌরবের মাইলফলক। তবে এ স্বীকৃতি ধরে রাখা এবং এর মর্যাদা রক্ষা করা আরও কঠিন দায়িত্ব।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ মতিন ও মো. ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা পরিচালক এমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন মাওলানা জাদুল আহমদ।
এর আগে সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।
সবার দেশ/কেএম




























