কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
কাজাখস্তানের কাস্পিয়ান সাগর উপকূলে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় সাগরের পানিতে ভেসে গিয়ে দেশটির নয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। মাঙ্গিস্তাউ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী।
কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এর মধ্যে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনার পর তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য সদস্যদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে সেনাসদস্যরা সাগরে ভেসে যান এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
দুর্ঘটনার পর সামরিক সদস্যদের উদ্ধারে জরুরি তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ। নিখোঁজ সেনাসদস্যদের সন্ধানে কাস্পিয়ান সাগরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সবার দেশ/কেএম




























