Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্ক

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্ক
ছবি: সংগৃহীত

বিদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের নিয়োগের সুযোগ পাবেন দেশটির শর্ত পূরণকারী নিয়োগকর্তারা।

অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্যের বরাতে এনডিটিভি জানিয়েছে, নতুন ব্যবস্থার ফলে ডেনিশ প্রতিষ্ঠানগুলোর বিদেশি কর্মী নিয়োগের সুযোগ আরও বাড়বে।

নতুন কর্মসংস্থান ব্যবস্থার আওতায় যেসব দেশের নাগরিকরা সুযোগ পেতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডা।

ফলে এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কে চাকরি ও ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে নতুন এ অভিবাসন ব্যবস্থা ডেনমার্কের সব প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত থাকবে না। বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাদের বেশ কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রাসঙ্গিক কোনও যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্তত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। ওই প্রতিষ্ঠানে ডেনমার্কে কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মীও থাকতে হবে।

এসব শর্ত পূরণকারী প্রতিষ্ঠানকে ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রতিষ্ঠানকে নির্ধারিত শর্ত পূরণের একটি সনদ দেয়া হবে। এ সনদ পাওয়ার পরই প্রতিষ্ঠানটি নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পাবে।

নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বার্ষিক বেতনও নির্ধারণ করা হয়েছে। বছরে কমপক্ষে ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার বেতন হতে হবে তাদের।

বাংলাদেশি মুদ্রায় এ বেতনের পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা। অর্থাৎ মাসিক হিসাবে ন্যূনতম বেতন দাঁড়ায় প্রায় ৫ লাখ ১২ হাজার টাকা।

নতুন এ উদ্যোগের মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ডেনমার্কের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ার পাশাপাশি দেশটির নিয়োগকর্তাদের প্রয়োজনীয় দক্ষ জনবল সংকট মোকাবিলায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: