চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
বাংলাদেশে সফররত চীনা নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে অবস্থানরত চীনা নৌবাহিনীর জাহাজ দুটি পরিদর্শন করেন তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম, নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে তিনি জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এ সময় আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ এবং নৌ-সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগের সময় যৌথ মহড়া ‘পাসেক্স’-এ অংশ নেবে।
সবার দেশ/কেএম




























