কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এবং সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৃথক এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার নিকুলিন চাকমা। তিনি জানান, প্ল্যাটফর্মের নির্জন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
রেলওয়ে পুলিশ সুপার বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের দিকে পুলিশ যাচ্ছে। একটি শব্দ শোনা গেলেও ঠিক কোন পাশ থেকে তা এসেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হন।
একই সন্ধ্যা ও রাতে রাজধানীর পৃথক এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।
সবার দেশ/কেএম




























