Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম

দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

দেশে সাধারণ মানুষ, শিশু ও নারীদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সারাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেনো জননিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না এবং কেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হচ্ছেন, তার জবাবদিহি সংসদে দিতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ১১ দলীয় ঐক্যের আট দফা দাবিতে আয়োজিত ঢাকা-রংপুর লং মার্চের সমাপনী সমাবেশে রংপুর জিলা স্কুল মাঠে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের লং মার্চের অন্যতম দাবির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে সারাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের জননিরাপত্তা নেই, শিশুদের নিরাপত্তা নেই, মা-বোনদেরও নিরাপত্তা নেই। কেনো এ নিরাপত্তা নেই এবং কেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হচ্ছেন, তার জবাবদিহি সংসদে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জবাবদিহি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে হুমকি দেন। রাস্তায় নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও এর আগে লং মার্চের পথসভায় মন্তব্য করেছিলেন নাহিদ ইসলাম।

জাতীয় স্বার্থ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে বিএনপি ক্ষমতায় এলেও জাতীয় স্বার্থ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, সরকার দেশের জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া এবং দিল্লির সঙ্গে কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের স্বার্থ আদায়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভূরাজনীতিতে কেনো বাংলাদেশ তার জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারছে না, সে প্রশ্নও রাখেন এনসিপির আহ্বায়ক।

গণভোটের রায় বাস্তবায়ন হয়নি দাবি করে নাহিদ ইসলাম বলেন, জনগণ গণভোটে ভোট দিয়েছে, কিন্তু সে ভোটের রায় এখনও বাস্তবায়ন করা হয়নি। একই সঙ্গে শহীদ ওসমান হাদী হত্যার বিচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সম্প্রতি একটি মামলার রায়ে মৃত্যুদণ্ড দেয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, যারা দেশে নেই, শুধু তাদের ক্ষেত্রেই কেনো মৃত্যুদণ্ডের রায় আসে। যারা দেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে কেন এমন রায় আসে না—সে প্রশ্নও তোলেন তিনি। তার ভাষ্য, তারা দেশে থাকা অভিযুক্তদের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের রায় কার্যকর দেখতে চান।

দেশের বিভিন্ন সংকটের কথাও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সারাদেশে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট চলছে। বিশেষ করে রংপুর অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় এসব সংকট তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণ হয়েছে। চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের কারণে দেশের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি।

১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, তাদের দলীয় নেতাকর্মী এবং জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। ১১ দলীয় ঐক্যের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে তারা পাল্টা আঘাতের জন্য প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সরকারকেও এ বিষয়ে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন।

সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, পুলিশ সংস্কার কমিশন করা হয়নি। তার অভিযোগ, গুমসংক্রান্ত আইন ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে আবারও বিরোধী মত দমনের সুযোগ তৈরি করা হচ্ছে। র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে লং মার্চের উদ্বোধনী সমাবেশেও তিনি অভিযোগ করেছিলেন, বর্তমান সরকার আগের সরকারের আমলে ব্যবহৃত আইন ও প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করছে।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা আর কাউকে স্বৈরাচার হতে দেবে না। কেউ এমন চেষ্টা করলে রংপুরের মাটি থেকেই প্রথম বিদ্রোহ ও বিপ্লবের আহ্বান আসবে বলেও মন্তব্য করেন তিনি।

রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের সংসদ নির্বাচনে জয়ী করায় তারা রংপুরবাসীর কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি বলেন, বিরোধী দলে ভোট দেয়ার কারণে রংপুরবাসী উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হবে—এমন কথা শোনা যাচ্ছে।

রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আট দফার অন্যতম দাবি হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটি শুধু রাজনৈতিক বক্তব্য বা দাবির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে বাস্তবায়ন দেখতে চান তারা।

শেষে ১১ দলীয় ঐক্যের আট দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, যেভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিলো, সেভাবে ঐক্যবদ্ধ থাকলে আট দফা দাবি আদায় করে তারা ঘরে ফিরবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী