সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ
জুলাই আন্দোলনের নেতৃত্ব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী এখনও বের হতে পারেনি। সে ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে।
নাহিদ ইসলামের দাবি, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে সরাসরি হামলা চালানো হয় বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন নাহিদ। জুলাই আন্দোলনের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
স্ট্যাটাসে সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, এসব ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। সরকারের এমন নিষ্ক্রিয়তা অপরাধীদের সাহস জোগাচ্ছে এবং তাদের আরও বেপরোয়া করে তুলছে।
তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতৃত্ব, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সবার দেশ/এমকেজে




























