এলে ফাঁ’সির মঞ্চ প্রস্তুত
কোনও ডিসেম্বরে আপার ফেরার সুযোগ নেই: নাহিদ
আগামী ডিসেম্বরে ‘আপা’ দেশে ফেরার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশে ফিরলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনও ঘুমিয়ে পড়েনি। বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। শিক্ষার্থীদের তাদের অবস্থানের প্রমাণ দিতে হবে। শুধু নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করলেই হবে না, পুরো দেশ ও বিশ্ব নিয়ে ভাবতে হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব।
আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন? আমরা কি প্রস্তুত আছি? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি আছি? এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, না কম হবে?
বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, আগেরবার তারা অনেক উদারতা দেখিয়েছেন এবং ক্ষমা করে দিয়েছিলেন। ওসমান হাদীর ভাষায় শত্রুর প্রতিও ইনসাফ ও ন্যায়বিচার করার কথা বলেছিলেন। কিন্তু গত দুই বছরে তারা কোনও বিচার পাননি বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদী হত্যার বিচার হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ভাই-বোনদের হত্যারও বিচার পাওয়া যায়নি। জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।
ডিসেম্বর মাসকে বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করেছে, ২০২৪ সালেও বিজয় এসেছে। ২০২৬ সালেও বিজয় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামীর প্রতিটি ডিসেম্বরেই ছাত্র-জনতা বিজয় অর্জন করবে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন,
কোনও ডিসেম্বরেই আপা দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।
সবার দেশ/কেএম




























