Sobar Desh | সবার দেশ নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ১৬ আগস্ট ২০২৬

সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা, দক্ষতা ও কর্মসংস্থান বাড়ানোর প্রত্যয়

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
ছবি: সবার দেশ

দেশের তরুণ সমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে এমইউএস গ্লোবাল গ্রুপ কোম্পানির সিস্টার কনসার্ন গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউট। আধুনিক ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের বারিস্তা পেশায় দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটি গত ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পরপরই স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে একঝাঁক তরুণ-তরুণীকে বারিস্তা পেশার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দিতে শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট শাখায় আয়োজন করা হয় সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের দক্ষতা উন্নয়ন, বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশে-বিদেশে পেশাগত ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আবু তাহের, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক এম এস দোহা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ার কাউসার, ব্যবসায়ী সাইদুল হক রিগান, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা গবেষক নজরুল ইসলাম হ্রদয় এবং প্রতিষ্ঠানের ট্রেইনার রাসেল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মহিন উদ্দিন স্বপন।

‘পেশাভিত্তিক প্রশিক্ষণ সময়ের দাবি’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আবু তাহের বলেন, বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। পরিবর্তিত কর্মবাজারে টিকে থাকতে হলে তরুণদের বাস্তবভিত্তিক ও পেশাভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, একজন তরুণ যখন নির্দিষ্ট কোনও বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেন, তখন তার সামনে চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হয়।

দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

বেকারত্ব নিরসনে দক্ষতার বিকল্প নেই

বিশিষ্ট সাংবাদিক ও গবেষক এম এস দোহা বলেন, দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির ওপর আরও বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।

তিনি বলেন, তরুণদের শুধু চাকরির জন্য অপেক্ষা না করে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে একজন তরুণ আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগকে আরও কার্যকর ও বিস্তৃত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বারিস্তা পেশায় দেশ-বিদেশে সম্ভাবনা

বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ার কাউসার বলেন, বর্তমান সময়ে হসপিটালিটি ও সার্ভিস সেক্টরে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। বারিস্তা পেশাও ধীরে ধীরে তরুণদের জন্য একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, একজন তরুণ সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে পারলে দেশের বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট ও হসপিটালিটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি বিদেশের কর্মবাজারেও নিজের অবস্থান তৈরি করতে পারেন।

তাই যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের আধুনিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দক্ষতার সঙ্গে বাড়ে আত্মবিশ্বাস

ব্যবসায়ী সাইদুল হক রিগান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন তরুণ শুধু পেশাগত দক্ষতাই অর্জন করেন না, তার আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়।

তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণকে সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত প্রশিক্ষণের আওতায় আনা গেলে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তরুণদের কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষ যুবসমাজই ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে পারে।

প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব

আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা গবেষক নজরুল ইসলাম হ্রদয় বলেন, বিশ্বব্যাপী শিক্ষা ও কর্মসংস্থানের ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন শুধু সনদ নয়, বাস্তব দক্ষতা এবং কাজের সক্ষমতাই কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি তরুণদের প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জন করতে পারলে দেশের তরুণরা আন্তর্জাতিক কর্মবাজারেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবেন।

‘শুধু সনদ নয়, বাস্তব দক্ষতাই লক্ষ্য’

প্রতিষ্ঠানের ট্রেইনার রাসেল বলেন, গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলা।

তিনি বলেন, শুধু প্রশিক্ষণ শেষে একটি সনদ হাতে তুলে দেয়াই প্রতিষ্ঠানের উদ্দেশ্য নয়। একজন প্রশিক্ষণার্থী যেন প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা, পেশাগত জ্ঞান ও আত্মবিশ্বাস নিয়ে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে কাজ করতে পারেন, সে বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতির সঙ্গে পরিচিত করে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

তরুণদের দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মহিন উদ্দিন স্বপন বলেন, দেশের তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ পেশাজীবী ও সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বেকারত্ব নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিভিন্ন খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মহিন উদ্দিন স্বপন বলেন, গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউট বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে কাজ করছে।

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদান করাই প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য নয়। প্রশিক্ষণার্থীরা যেন তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, কর্মসংস্থানের সুযোগ পান এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন—সে লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা

সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রশিক্ষণ শেষে সনদ হাতে পেয়ে তারা নিজেদের অর্জিত দক্ষতাকে পেশাগত জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশিক্ষণার্থীদের অনেকেই মনে করেন, এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বেকারত্ব নিরসন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করা বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেয়া প্রয়োজন।

সরকারি নীতিগত সহায়তা, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের সম্প্রসারণ ঘটানো গেলে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব বলে মত দেন তারা।

আয়োজকরা জানান, গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউট ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। বারিস্তা প্রশিক্ষণের পাশাপাশি কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বাস্তবমুখী দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়েও প্রতিষ্ঠানটির পরিকল্পনা রয়েছে।

দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ তরুণদের জন্য নতুন পেশাগত সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন