মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেয়া হয়। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় প্রথমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
ঘটনার পর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























