Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৯, ৯ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমত ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরায়েলের প্রতি মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান বিরূপ মনোভাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্বীকারোক্তি, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সমর্থন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ নির্বাচনে দলের বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। আগামী রোববার সাক্ষাৎকারটি সম্প্রচারের কথা রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক রস ডুথাটের নেয়া ওই সাক্ষাৎকারে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ এবং ইরান-ইসরায়েল নীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না। তবে রিপাবলিকান দলের কয়েকজন প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন। তার ধারণা, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হলে ফলাফল ভিন্ন হতে পারতো। তবে দলের পরাজয়ের পেছনে জনমতের নেতিবাচক প্রভাবও স্বীকার করেছেন তিনি।

ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ভোটার

নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে চিহ্নিত করেছেন ট্রাম্প। তার মতে, মার্কিন ভোটারদের একটি বড় অংশ যুদ্ধের পক্ষে ছিলেন না। পাশাপাশি যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার কারণে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোটারদের ওপর। যুদ্ধের অর্থনৈতিক ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এর প্রভাবও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্তকে ভুল বলে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না।

ইসরায়েলের প্রতি মার্কিন জনমনে বাড়ছে বিরূপতা

সাক্ষাৎকারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি এসেছে ইসরাইলের প্রতি মার্কিন নাগরিকদের মনোভাব প্রসঙ্গে। ট্রাম্প স্বীকার করেছেন, দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের একটি বড় অংশের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

তার মতে, ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরাইলের প্রতি জনমনে অসন্তোষ—এ তিনটি বিষয়ই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্লেষকদের কাছে বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে ইসরাইলের নিরাপত্তা ও স্বার্থকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু ইসরাইলের প্রতি মার্কিন জনমতের পরিবর্তন এখন দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে বলে ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে।

ভ্যান্সের বক্তব্যের সঙ্গে একমত ট্রাম্প

নির্বাচনে দলের পরাজয়ের কারণ নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মূল্যায়নের সঙ্গেও একমত হয়েছেন ট্রাম্প। ভ্যান্স এর আগে বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।

ট্রাম্পের বক্তব্যে সে মূল্যায়নের প্রতিফলন দেখা গেছে। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্তের দায় থেকে সরে আসেননি তিনি। বরং একই পরিস্থিতি আবার তৈরি হলে একই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

তার যুক্তি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

ইরানের সঙ্গে সমঝোতা হয়নি নির্বাচনের কারণে?

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থানে ছিলো। কিন্তু নির্বাচনের কারণে শেষ পর্যন্ত সে সমঝোতা বাস্তবায়িত হয়নি।

তার ধারণা, নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের ফলে ইরান আলোচনায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে বলে মনে করছে। তবে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু কিংবা সমঝোতা না হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের সহায়তা ছাড়া ইসরাইলের অস্তিত্ব টিকে থাকা কঠিন হতো। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলার সিদ্ধান্তের পক্ষেও তিনি সাফাই দেন।

অভিবাসননীতিতেও কঠোরতার প্রভাব স্বীকার

সাক্ষাৎকারে শুধু পররাষ্ট্রনীতি নয়, অভ্যন্তরীণ রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অভিবাসন নিয়েও কথা বলেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গণহারে বহিষ্কারের নীতি বাস্তবায়নে কিছুটা অতিরিক্ত কঠোরতা দেখানো হয়েছে বলে স্বীকার করেন তিনি।

ট্রাম্পের মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করা অনেক অভিবাসীকে বহিষ্কারের কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর রাজনৈতিক প্রভাবও পড়েছে রিপাবলিকানদের ওপর।

সব মিলিয়ে ট্রাম্পের এ বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান যুদ্ধ, ইসরাইলের প্রতি সমর্থন, জ্বালানির বাজার এবং অভিবাসননীতির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলের প্রতি জনমনে বিরূপতা এবং ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতাকে নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে স্বীকার করা মার্কিন পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু