আদনান আল রাজীবের সিনেমা
নিশো-মেহজাবীনের ‘অপলক’
ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে পরিচিত নির্মাতা আদনান আল রাজীব এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘অপলক’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
বুধবার নির্মাতা আদনান আল রাজীব এবং দুই অভিনয়শিল্পীর মধ্যে সিনেমাটিতে অভিনয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। একই সঙ্গে প্রকাশ করেছেন সিনেমার নাম ও প্রধান দুই অভিনয়শিল্পীর পরিচয়।
এর আগে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিলেন আদনান আল রাজীব। তখন জানিয়েছিলেন, সিনেমাটি হবে প্রেমের গল্প। তবে নাম কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেননি তিনি।
নতুন সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুক পোস্টে আদনান আল রাজীব লিখেছেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সে ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী।
সিনেমাটি নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন নির্মাতা। তার ভাষায়,
তারা একটি সৎ, সরল ও মন ছুয়ে যাওয়া প্রেমের চলচ্চিত্র নির্মাণ করতে চান। যে গল্পে দর্শকেরা ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। সিনেমাটি নির্মাণের সময় যে মায়া ও ভালোবাসা কাজ করবে, তা দর্শকের কাছেও পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। এবার ‘অপলক’ নির্মাণের মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জগতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
সবার দেশ/কেএম




























