ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, বাইনোকুলার দিয়ে সীমান্তের ওপারে তাকিয়ে তিনি বাংলাদেশিদের ভারতে প্রবেশের অপেক্ষায় ওঁৎ পেতে থাকতে দেখেছেন। সুযোগ পেলেই তারা দলে দলে ভারতে ঢুকে পড়বেন বলেও মন্তব্য করেন তিনি।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে রোববার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে যান শুভেন্দু অধিকারী। সেখানে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের স্পিডবোটে চড়ে ইছামতি নদীর বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তিনি। পরে ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় বাংলাদেশিদের নিয়ে এসব মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
স্পিডবোটে করে সীমান্ত এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরে শুভেন্দু বলেন, বাইনোকুলার দিয়ে নদীর ওপারে তাকিয়ে তিনি বাংলাদেশিদের ওঁৎ পেতে থাকতে দেখেছেন। সীমান্তে নিরাপত্তার সামান্য ঘাটতি পেলেই তারা দলবদ্ধভাবে ভারতে প্রবেশ করবেন বলে দাবি করেন তিনি।
পশ্চিমবঙ্গে কোনও অনুপ্রবেশকারীকে থাকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে আটক করা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ লক্ষ্যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে দীপাবলির দিনটি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন শুভেন্দু। এ সময় আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ নামে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান চালুর ঘোষণা দেন তিনি। পরে হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
কালীপূজার উদ্বোধন শেষে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। সেখানে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।
শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গে আগের সরকারের আমলে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব ছিলো। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) নেতৃত্বে বিএসএফের সঙ্গে পুলিশের সমন্বয় বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে বেড়া নির্মাণের বিষয়েও বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শুভেন্দু। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তবে বাংলাদেশিদের অনুপ্রবেশের অপেক্ষায় ওঁৎ পেতে থাকার বিষয়ে শুভেন্দুর দাবির পক্ষে প্রতিবেদনে কোনও স্বতন্ত্র প্রমাণ উল্লেখ করা হয়নি।
সূত্র: আনন্দবাজার অনলাইন।
সবার দেশ/কেএম




























