চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মাঠে জুলাই ঐক্য
আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে চট্টগ্রামে রাজপথে একসঙ্গে নেমেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর নগরীর বিভিন্ন এলাকায় তাদের সরব উপস্থিতি দেখা গেছে।
‘আমরা রাজপথে আছি, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের পর চট্টগ্রামে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থানের চিত্র দেখা যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন।
অন্যদিকে কথিত ধর্মঘট ও অবরোধের সমর্থনে পরাজিত শক্তির কাউকে প্রকাশ্যে রাজপথে দেখা যায়নি। তবে রাতের আঁধারে দুটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। জেলার কয়েকটি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলও করেছেন। এসব অপতৎপরতা ঠেকাতে জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির কিছুটা দূরত্ব তৈরি হয়েছিলো। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এ দূরত্বের সুযোগে পরাজিত শক্তি ও তাদের সহযোগীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তবে সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে বিভাজনের পরিবর্তে ঐক্যের আহ্বান পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, চট্টগ্রামে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক ও ছাত্রসংগঠনগুলোর একসঙ্গে রাজপথে নামা আগামী দিনের জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক বার্তা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আধিপত্যবাদ ও পরাজিত ফ্যাসিবাদী শক্তির যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি।
জাতীয় প্রয়োজনে চট্টগ্রাম বরাবরই আগে সাড়া দেয়—এ ঘটনাতেও তার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কথিত ধর্মঘট ও অবরোধের সমর্থনে নগরীর নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণের পর সোমবার গভীর রাত থেকেই বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে নামেন। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে রাত জেগে পাহারা দেন ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট, দেওয়ানহাট ও আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন এলাকায় রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লাঠি হাতে মহড়া দিতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের। এ সময় তারা বলেন, দীর্ঘ দুঃশাসনের পর একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের লুটপাট ও অর্থপাচারে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে। এমন সময়ে কথিত আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনও ছাড় দেয়া উচিত নয়।
নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করেছেন, তারা রাজপথে আছেন এবং রাজপথেই থাকবেন। নিষিদ্ধ সংগঠনের যেকোনও অপতৎপরতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। রাজপথে নৈরাজ্য সৃষ্টির সুযোগ কাউকে দেয়া হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা সভা-সমাবেশ ও মিছিল করছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রশিবির। সেখানে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল ও ছাত্রশক্তি। নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মিছিল করেন। এসব কর্মসূচি থেকে পরাজিত শক্তির যেকোনও ধরনের নাশকতা প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এনসিপির নেতাকর্মীদেরও লাঠি হাতে সড়কে অবস্থান করতে দেখা গেছে।
এদিকে অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সকালে নগরীতে মোটরসাইকেল র্যালি করে জামায়াতে ইসলামীর যুব বিভাগ। মহানগর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র্যালিটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান রোডে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এতে যুব বিভাগের মহানগর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়ের, সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, মুহাম্মদ ইলিয়াছ ও শহিদুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জুলাই আন্দোলনের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান তিনি।
অন্যদিকে নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নগরীতে মোটরসাইকেল মিছিল করেছে এনসিপি। নগর কমিটির আয়োজনে মিছিলটি লালখান বাজার থেকে শুরু হয়ে ওয়াসার মোড় ও জিইসি মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সবার দেশ/কেএম




























