Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ১০ নভেম্বর ২০২৬

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী ও সংসদনেতা তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথেই আমাদের থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এসব আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। বিশেষ করে স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি, জ্বালানি সরবরাহ এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিও গুরুত্ব পায়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনার দেশে ফেরার বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনা দেশে ফিরতে চাইলে ওই চুক্তির বিধান, প্রচলিত আইন ও প্রথা অনুসরণ করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সরাসরি কোনও বক্তব্য দেননি বলে সূত্র জানিয়েছে।

এদিকে দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজপথে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

পাসপোর্ট-এনআইডির আবেদন যাচাই করছে সরকার

এদিকে দেশে ফেরার জন্য শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এ আবেদন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত এটিই প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নতুন পাসপোর্টে দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তাহলে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনও সুযোগ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পথও তার জন্য খোলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশের পাশাপাশি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তার সম্ভাব্য প্রত্যাবর্তন, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া
যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি
সাহিত্যের নামে পদক বাণিজ্য: প্রতিবাদের আড়ালে কার স্বার্থ?
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী