আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুলাই গণহত্যার বিচার, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এসব বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত বিরোধী দলের সংসদ সদস্যদের এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ী প্রকল্প ও জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তি, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটি গঠন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্প নিয়ে দেশের মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য কোনও দেশকে করিডোর দেয়ার ষড়যন্ত্র চলছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। একই সঙ্গে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তার অভিযোগ, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিরোধী দল সংসদ ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপতৎপরতা ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে গুপ্ত হামলার ঘটনাও ঘটছে।
এ ধরনের অপতৎপরতা মোকাবিলা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্যরা সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
সবার দেশ/কেএম




























