Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:১৬, ১১ নভেম্বর ২০২৬

দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুয়েকটি গাড়িতে আগুন দিলেই  আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপারবিহীন দুয়েকটি গাড়িতে আগুন দেয়ার বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নির্ধারণ করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের একটি ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন সিদ্ধান্তে আসা যায় না।

তিনি বলেন, রাতের অন্ধকারে কিংবা ভোরে কোথাও পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন কোনও গাড়িতে আগুন দেয়া হলে তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। দুয়েকটি প্রতীকী ঘটনা একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ—এমন বক্তব্য দেয়া যৌক্তিক নয়।

বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের সক্রিয় ভূমিকা সরকার স্বাগত জানায়। সরকারও বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে।

তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কর্মকাণ্ডে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কারা এসব কর্মকাণ্ডে জড়িত এবং কারা ইন্ধন দিচ্ছে, তা সরকার অনুসন্ধান করছে। বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেয়ার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিস্তারিত তথ্য দিলে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে অরাজকতা তৈরির জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা করা হয়েছে। এর পেছনে দেশের ভেতরেও অর্থ বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে। তবে সরকার সফলভাবে এ প্রচেষ্টা নস্যাৎ করেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন। তাদের এমনভাবে উসকানি দেয়ার চেষ্টা হয়েছে, যাতে তারা কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসেন এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হয়। সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

শিল্পকারখানার উৎপাদন ও রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তারা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছে বলে সরকার লক্ষ্য করেছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি।

জাতীয় সংসদে দাঁড়িয়ে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনও ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেয়া হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হয়েছে, তা নির্ধারণে অপরাধের পরিসংখ্যান বিবেচনার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংসদে উপস্থাপিত একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি জানান। তবে পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, উন্নতি ও অবনতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় পরিস্থিতির অবনতি হয়েছে কি না, তা নির্ধারণ করতে হলে দুই বছরের একই সময়ের পরিসংখ্যান তুলনা করতে হবে। চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৩০০টি কম হলে সেটিকে উন্নতি না অবনতি হিসেবে বিবেচনা করা হবে, তা ভেবে দেখা প্রয়োজন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই এসব পরিসংখ্যান তুলে ধরা হবে, যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনও ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না। গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি সে শক্তিকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। সরকার এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তা উন্মোচন করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত
শ্যামলীতে বাসে আগুন
দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সাক্ষাৎ
হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রশক্তির
যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
হাসিনার ফেরার গুজবে কোলকাতায় বিপাকে আ.লীগ নেতারা
তুরস্কের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া