জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
পুলিশের প্রতি দেশের মানুষের যে প্রত্যাশা, তা পূরণ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। তিনি বলেছেন, মানুষের আস্থা ফেরাতে পুলিশের সদস্যদের আচরণ পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, পুলিশের প্রতি মানুষের যে প্রত্যাশা রয়েছে, পুলিশ তা অর্জন করতে পারেনি। জনগণের সে প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনার পাশাপাশি সেবার মান উন্নত করতে কাজ করা হচ্ছে।
থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণের ক্ষেত্রে কোনও ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি।
গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও কার্যকর করতে বরিশাল রেঞ্জের অধীন ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান ডিআইজি। পাশাপাশি প্রতিটি জেলায় একজন করে ভোকাল পার্সন রাখা হবে। তারা সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে সরবরাহ ও সহযোগিতা করবেন।
সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান ডিআইজি। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে কাজ করা হবে।
বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনাগুলো নিয়েও বিশেষ নজরদারি করা হবে বলে জানান তিনি। এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করা হবে। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিনসহ বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























