গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘটিত এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কয়েকটি সূত্রের দাবি, গুলিবিদ্ধের সংখ্যা পাঁচজন পর্যন্ত হতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একজনের পায়ে পাড়া লাগাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ বিরোধ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০) এবং ঘোষেরচর গ্রামের কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে সব আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ীর দাবি, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছে। কে এলাকায় প্রভাব বিস্তার করবেন এবং নেতৃত্বে থাকবেন, তা নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এর আগেও এ বিরোধকে কেন্দ্র করে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সেসব ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করা হয়েছিলো।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ফারিহা পুষ্পালয়ের মালিক হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকায় সমবেত হন। পরিস্থিতি বিবেচনায় তারা আগেই দোকান বন্ধ করে দেন। কিছুক্ষণ পরই তাদের দোকানে হামলা ও ভাঙচুর শুরু হয়।
তিনি বলেন,
কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে দোকান শেষ করে দিলো। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরাও আওয়ামী লীগ করি। আমাদের দোকান কেনো ভাঙচুর করলো?
হাবিবুর রহমান আরও অভিযোগ করেন, পৌরসভার ঘর ভাড়া নিয়ে লঞ্চঘাট এলাকায় মূলত চরমানিকদাহ গ্রামের লোকজন ফুলের ব্যবসা করেন। চরমানিকদাহ গ্রামের লোকজনকে সেখানে ব্যবসা করতে না দেয়ার মনোভাব থেকেই ঘোষেরচর গ্রামের লোকজন এ হামলা চালিয়েছেন বলে তার দাবি।
স্থানীয়দের অভিযোগ, সোমবারের ঘটনার পর সংঘর্ষ দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় শহরের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার এবং পুলিশের বিশেষায়িত দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। তাদের দাবি, নেতৃত্ব ও এলাকায় প্রভাব প্রতিষ্ঠার বিরোধ দীর্ঘদিনের।
তবে সংঘর্ষের প্রকৃত কারণ, হতাহতের সঠিক সংখ্যা এবং ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























