সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনাক্ত হওয়া তিনজন হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মো. আলামিন ওরফে মুন্না, একই এলাকার এনামুল হকের ছেলে মো. সাইফ ওরফে পিকু এবং দীঘিনালা উপজেলার মোহাম্মদ ওমর ফারুক। তাদের অবস্থান শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের পরিচয় শনাক্ত করতেও কাজ করছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলাটি করেছেন। প্রাথমিক তদন্তে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চারজন ব্যক্তি বাজারের ব্যাগে করে কেরোসিন ও পেট্রোল নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে যান। পরে তারা বাড়ির চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।
এজাহারে বলা হয়েছে, অগ্নিসংযোগের পুরো ঘটনা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
সাদিক কায়েমের মা-বাবা, বোনসহ পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই বাড়িতে আগুন দেয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তার আশ্বাস দেন।
এদিকে, ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সবার দেশ/কেএম




























